প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, দরিদ্র শিশুদের বিদ্যালয় মুখি করা, ক্ষুদা মুক্ত প্রাথমিক শিক্ষা নিশ্চিত ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আজ সোমবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উত্তর পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় জন সাধারণের আর্থিক সহায়তায় আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গনে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মাদারী পুরের জেলা প্রশাসক মোঃ নূর-উর-রহমান বিশেষ অতিথী ছিলেন যথাক্রমে রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমীন মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান খান। স্থানীয় আমগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জমির উদ্দিন খানের সভাপতিত্তে স্বাগত বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল কবীর। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, রাজৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে জেলা প্রশাসক ছাত্র ছাত্রীর মাঝে দুপুরের খাবার তুলে দিয়ে কার্যক্রমের উদ্ধোধন ঘোষনা করেন। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সহ-শিক্ষা অফিসার মোঃ সানাউল হক মিয়া। উক্ত বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে উপকার ভোগী ৩য় শ্রেণীর ছাত্রী গীতাবালা তার প্রতিক্রিয়ায় বলে পেটে যখন খিদা লাগে তহন পড়া লেহা মাথায় ঢোকেনা, মাথা ঘুরায়। তখন বাড়ি যেতে ইচ্ছা করে। ক্ষিদার সময় যদি কিছু খাওন পাওয়া যায় তাহলে বিকাল পর্যন্ত স্কুলে লেখা পড়া করা যায়। তয় এখন আর স্কুল কামাই দিমুনা। নির্মল মন্ডল নামের একজন অভিভাবক জানান, ক্ষুদা মুক্ত পরিবেশ পেলে শিশুরা উৎসব মুখর ভাবে বিদ্যালয়ে আসবে।
মুরাদ আলম, শিশু প্রকাশ (মাদারীপুর)








